শৃঙ্খলা রক্ষায় শাহিনকে জরিমানা, রাজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শৃঙ্খলা রক্ষায় শাহিনকে জরিমানা, রাজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়

শৃঙ্খলা রক্ষায় শাহিনকে জরিমানা, রাজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়

শৃঙ্খলা রক্ষায় শাহিনকে জরিমানা, রাজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়

দলীয় শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে জরিমানা করেছে লাহোর কালান্দার্স। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, হোটেলে নিরাপত্তা প্রটোকল ভঙ্গের অভিযোগে তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৩৬০০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।

একই ঘটনায় অভিযুক্ত হলেও সিকান্দার রাজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এক সংবাদ সম্মেলনে রাজা নিজেই ঘটনার দায় স্বীকার করে আফ্রিদিকে দায়মুক্ত করার চেষ্টা করেন।

ঘটনাটি সামনে আসে পাঞ্জাব পুলিশের একটি চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রধান নির্বাহী সালমান নাসিরের কাছে পাঠানো ওই চিঠিতে অভিযোগ করা হয়, বোর্ডের নিরাপত্তা ও অ্যান্টি-করাপশন কর্মকর্তাদের অনুমতি না থাকা সত্ত্বেও আফ্রিদি ও রাজা হোটেলে অতিথি নিয়ে খেলোয়াড়ের কক্ষে প্রবেশ করান। চিঠিতে উল্লেখ করা হয়, তারা সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন, যদিও রজার দাবি ছিল সময়টি প্রায় ৪০ মিনিট।

তবে লাহোর কালান্দার্স এক বিবৃতিতে ঘটনার মূল বিষয়টি স্বীকার করলেও বলেছে, বিষয়টি জনসমক্ষে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে এবং অপ্রয়োজনীয়ভাবে বড় করা হয়েছে। দলটি জানিয়েছে, এটি ইচ্ছাকৃতভাবে নিয়ম ভাঙার ঘটনা নয়, বরং একটি ভুল বোঝাবুঝি থেকেই পরিস্থিতির সৃষ্টি।

একইসঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল (এসওপি) মেনে চলার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।