মোহামেডান ডাকলেই প্রস্তুত তামিম, জানালেন নিজেই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 9 মিনিট আগে
মোহামেডান ডাকলেই প্রস্তুত তামিম, জানালেন নিজেই

মোহামেডান ডাকলেই প্রস্তুত তামিম, জানালেন নিজেই

মোহামেডান ডাকলেই প্রস্তুত তামিম, জানালেন নিজেই

জাতীয় দলের জার্সি তুলে রাখার পরও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি তামিম ইকবাল। তবে সময়ের সঙ্গে বদলেছে তার ভূমিকার ভাবনা ব্যাট হাতে নয়, এবার মাঠের বাইরের দায়িত্বেই নিজেকে দেখতে চান সাবেক এই অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ঘরোয়া লিগেই সক্রিয় ছিলেন তামিম। গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতা তার সেই ধারাবাহিকতায় ছেদ ফেলে, ফলে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা হয়নি এই বাঁহাতি ওপেনারের। এখন নতুন করে নিজেকে ক্রীড়া সংগঠক হিসেবে গড়ে তোলার পরিকল্পনাই সামনে এগিয়ে নিচ্ছেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে আলোচনায় আসেন তামিম। সেই ধারাবাহিকতায় এবার ক্লাব পর্যায়েও প্রশাসনিক দায়িত্ব নেওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি, বিশেষ করে পুরনো ঠিকানা মোহামেডানকে ঘিরেই তার আগ্রহটা বেশি স্পষ্ট।

বুধবার (১৮ মার্চ) বিএনপি নেতা মির্জা আব্বাসের জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তামিম। সেখানে সংগঠক হিসেবে কাজ করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 

"সংগঠক হিসেবে কাজ করা নিয়ে আমি আসলে ওভাবে এখনো কিছু চিন্তা করিনি। তবে মোহামেডানের যদি কখনো মনে হয় যে আমাকে নিলে ক্লাবের জন্য ভালো হবে, তবে তারা যেকোনো সময় ডাকলে আমি চলে আসব। এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার।"

দেশের ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর অবদান এবং খেলোয়াড়দের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টিও আলাদাভাবে তুলে ধরেন সাবেক এই অধিনায়ক। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সেই সম্পর্কের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, 

"মোহামেডান অনেক বড় ক্লাব বাংলাদেশে। তাদের অনেক অবদান। মাহবুব ভাই, লোকমান ভাই মোহামেডান ক্লাবের সঙ্গে যোগ দিয়েছেন আমার জন্মের আগে। মোহামেডান, আবাহনীসহ বড় ক্লাবগুলোর আমাদের মতো ক্রিকেটার, ফুটবলার বা হকি খেলোয়াড়দের দেওয়া ছাড়া তো পাওয়ার মতো কিছু নাই।  তাদের একটাই আশা, তা হলো ট্রফি। বিনিময়ে তারা শুধু যথাযথ সম্মানটুকু চায়।"