ঈদে ক্রিকেটারদের জন্য বিসিবির বিশেষ উপহার, কৃতজ্ঞ তাসকিন
ঈদে ক্রিকেটারদের জন্য বিসিবির বিশেষ উপহার, কৃতজ্ঞ তাসকিন
ঈদে ক্রিকেটারদের জন্য বিসিবির বিশেষ উপহার, কৃতজ্ঞ তাসকিন
ঈদকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আবারও বিশেষ উপহার পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের ব্যস্ত সূচির মাঝেও খেলোয়াড়দের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে টিম হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে এই উপহার। আগের বছরের মতো এবারও ঈদের উপলক্ষে ক্রিকেটারদের জন্য এমন আয়োজন করে বোর্ড।
ঈদের উপহার হাতে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশ করা এক ভিডিও বার্তায় বিসিবির প্রতি ধন্যবাদ জানান তিনি।
বিসিবির পাঠানো উপহার বাক্সটি ছিল বেশ আকর্ষণীয়ভাবে সাজানো। সেখানে ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে কাবলি সেট, তাঁদের স্ত্রীদের জন্য কাপড় এবং যেসব খেলোয়াড়ের সন্তান রয়েছে তাদের জন্য রাখা হয়েছে চকলেট। উপহারগুলো দেখিয়ে ভিডিওতে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাসকিন বলেন,
"হোয়াট আ বিউটিফুল গিফট! এগুলো পরিবারের আমাদের যাদের বাবু আছে তাদের জন্য (চকলেট)। এটা আমার জন্য, খুব সুন্দর একটা কাবলি। এবং আমার স্ত্রীর জন্য (কাপড়)। খুবই খুশি এবং প্রশংসা করছি এ জন্য যে, বছরের ৩৬৫ দিনের মধ্যে হয়তো ২৬৫ দিনই দলের সঙ্গে থাকা হয়। এটাও আমার ফ্যামিলি। খুবই স্পেশাল, খুবই খুশি।"
ক্রিকেটারদের জন্য এই উদ্যোগকে বোর্ড ও খেলোয়াড়দের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি প্রয়াস হিসেবে দেখছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল। ভবিষ্যতে এই আয়োজন আরও বড় আকারে করার পরিকল্পনার কথাও জানান তিনি। উপহার দেওয়ার এই উদ্যোগ নিয়ে নাফিস বলেন,
"ইনশাআল্লাহ সামনে এটাকে আরও বড় করে দেব। আমার কাছে মনে হয় যে এটা একটা বন্ধন, যেটা খেলোয়াড় ও বিসিবির মধ্যে থাকাটা খুবই দরকার। যে উপহার দেওয়া হলো, এটা কিন্তু ওরা সহজেই কিনত পারে। কিন্তু এই যে খুশিটা দেখা যায় উপহার পেলে, এটা দেখলে অনেক শান্তি পাই।"
