ভারতের বিপক্ষে সিরিজে টাকারের নেতৃত্বে নতুন চেহারার আয়ারল্যান্ড
ভারতের বিপক্ষে সিরিজে টাকারের নেতৃত্বে নতুন চেহারার আয়ারল্যান্ড
ভারতের বিপক্ষে সিরিজে টাকারের নেতৃত্বে নতুন চেহারার আয়ারল্যান্ড
ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে আয়ারল্যান্ড। উইকেটকিপার-ব্যাটার লরকান টাকারকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। তার অধিনায়কত্বের প্রথম মিশনই হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ।
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়েন পল স্টার্লিং। কাফ মাসলের চোটের কারণে তিনি এই সিরিজেও খেলতে পারছেন না। এছাড়া চোটের কারণে আরও পাঁচ পেসারকে পাচ্ছে না আয়ারল্যান্ড। জশ লিটল , মার্ক অ্যাডেয়ার , কার্টিস ক্যাম্ফার , ব্যারি ম্যাকার্থি এবং জর্ডান নিল ছিটকে গেছেন দল থেকে।
চোট সমস্যার কারণে দলে এসেছে বেশ কয়েকটি নতুন মুখ। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া রুবেন উইলসন এবার সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। তরুণ পেসার জাই মুন্দ্রা ও ম্যাট হলার্ডও আয়ারল্যান্ডের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।
এছাড়া তরুণ লেগস্পিনিং অলরাউন্ডার গ্যাভিন হোয়েরও টি-টোয়েন্টি অভিষেক হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেন হোয়াইট ও অভিজ্ঞ পেসার ক্রেইগ ইয়ং। ব্যাটিং বিভাগে স্যাম টপিংয়ের পরিবর্তে সুযোগ পেয়েছেন স্টিফেন ডোহেনি।
ভারতের বিপক্ষে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন রস অ্যাডেয়ার, বেন ক্যালিটজ, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ম্যাথিউ হামফ্রিজ, গ্যাভিন হোয়ে, ম্যাট হলার্ড, লিয়াম ম্যাকার্থি, জাই মুন্দ্রা, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার (অধিনায়ক ও উইকেটকিপার) এবং রুবেন উইলসন।
আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টের স্টর্মন্টে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে নতুন অধিনায়ক টাকারের নেতৃত্বে তরুণ ও অনভিজ্ঞ দল নিয়েই মাঠে নামবে আয়ারল্যান্ড।
