রিকেলটন-রাবাদার ব্যাটিং তাণ্ডবে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
রিকেলটন-রাবাদার ব্যাটিং তাণ্ডবে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার

রিকেলটন-রাবাদার ব্যাটিং তাণ্ডবে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার

রিকেলটন-রাবাদার ব্যাটিং তাণ্ডবে ১৫৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার

চতুর্থ দিনের সকালে বাংলাদেশের বোলারদের রীতিমতো হতাশায় ডুবিয়েছে দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডার। আগের দিনের ১৪ রানের ঘাটতি কাটিয়ে উল্টো ১৫৭ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। রায়ান রিকেলটনের শতক এবং কাগিসো রাবাদার ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ৫৫৭ রান তোলে প্রোটিয়ারা।

দিনের শুরুতে ৫৬ রানে অপরাজিত থাকা রিকেলটন এদিন নিজের ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। তার সঙ্গে ৫ রান নিয়ে দিন শুরু করা রাবাদাও ব্যাট হাতে দারুণ সঙ্গ দেন। নবম উইকেটে এই দুই ব্যাটারের ১১৭ রানের অনবদ্য জুটি বাংলাদেশের হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ কেড়ে নেয়। ব্যক্তিগত দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়ে টাইগার বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘোরান রাবাদা।

তবে বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাত এই জুটি বড় হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে। দলীয় ও ব্যক্তিগত ৩৮ রানের মাথায় তাসকিন আহমেদের বলে রাবাদার সহজ ক্যাচ হাতছাড়া করেন নাজমুল হোসেন শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে আরও আগ্রাসী হয়ে ওঠেন এই প্রোটিয়া পেসার।

রিকেলটনের বিদায়ের পর ক্রিজে ফেরেন আগের দিন চোট পেয়ে মাঠ ছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা। মাঠে নেমে মাত্র এক রান যোগ করেই নিজের ফিফটি পূরণ করেন তিনি। অপর প্রান্তে মেহেদী হাসান মিরাজের টানা দুই বলে দুটি বিশাল ছক্কা হাঁকানোর পর অবশ্য আর বেশিক্ষণ টিকতে পারেননি রাবাদা। মিরাজের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ৯৩ বলে ১০ চার ও ২ ছক্কায় ৭২ রানের এক কার্যকরী ইনিংস খেলেন তিনি।

শেষ উইকেটেও বাংলাদেশের বোলারদের ভোগান্তি কমেনি, যেখানে ডেন প্যাটারসন ও বাভুমা যোগ করেন আরও ৪৫ রান। ব্যক্তিগত ১১ রানে হাসান মাহমুদের বলে বোল্ড হয়েও 'নো বল'-এর কল্যাণে বেঁচে যান প্যাটারসন, যা হাসানকে বঞ্চিত করে তার পঞ্চম উইকেট থেকে। জীবন পেয়ে পরের দুই ওভারেই একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। শেষ পর্যন্ত ২৯ রানে প্যাটারসন আউট হলে ৫৫৭ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস, আর ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাভুমা।