বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে ঢুকলেন মোহাম্মদ সিরাজ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে ঢুকলেন মোহাম্মদ সিরাজ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে ঢুকলেন মোহাম্মদ সিরাজ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে ঢুকলেন মোহাম্মদ সিরাজ

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ভারতের তরুণ পেসার হর্ষিত রানা। হাঁটুর চোটের কারণে তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ।

গত ৪ ফেব্রুয়ারি নাভি মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পান হর্ষিত রানা। ওই ম্যাচে তিনি মাত্র এক ওভার বোলিং করার পর মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে স্ক্যান ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে বিসিসিআইয়ের মেডিকেল টিম তাকে টুর্নামেন্টের জন্য অনুপযুক্ত ঘোষণা করে।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়,
“দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুর চোট পাওয়ায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন টিম ইন্ডিয়ার পেসার হর্ষিত রানা। প্রয়োজনীয় স্ক্যান ও বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শের পর মেডিকেল টিম এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।”

বিশ্বকাপের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি, আর সেই গুরুত্বপূর্ণ আসরের আগে এই ধাক্কা ভারতের বোলিং আক্রমণে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে ওয়াশিংটন সুন্দরের চোট নিয়ে এখনও কোনো চূড়ান্ত আপডেট দেয়নি বিসিসিআই। সাইড স্ট্রেইনের কারণে বর্তমানে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসনে আছেন এই অলরাউন্ডার। বিশ্বকাপের আগে আইসিসির অফিসিয়াল ফটোশুটেও তাকে দেখা যায়নি।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত সুন্দরের ব্যাপারে অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। যদিও তিনি নেটে ব্যাটিং শুরু করেছেন, তবে তার ম্যাচ খেলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অধিনায়ক সূর্যকুমার যাদব আরও নিশ্চিত করেছেন, বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করবেন ঈশান কিষান ও অভিষেক শর্মা। নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় একাদশের বাইরে থাকছেন সঞ্জু স্যামসন। এমনকি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচের আগের দিন নেটেও ব্যাটিং করেননি এই উইকেটকিপার-ব্যাটার এমনটাই দাবি করেছে বিভিন্ন রিপোর্ট।

ভারতের স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ