বর্ষণের বোলিং তোপ ও জোড়া অর্ধশতকে জয় পেল বাংলাদেশ ইমার্জিং দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বর্ষণের বোলিং তোপ ও জোড়া অর্ধশতকে জয় পেল বাংলাদেশ ইমার্জিং দল

বর্ষণের বোলিং তোপ ও জোড়া অর্ধশতকে জয় পেল বাংলাদেশ ইমার্জিং দল

বর্ষণের বোলিং তোপ ও জোড়া অর্ধশতকে জয় পেল বাংলাদেশ ইমার্জিং দল

প্রিটোরিয়ার মাঠে দুর্দান্ত এক অলরাউন্ড নৈপুণ্যে প্রথম পর্বের হারের প্রতিশোধ নিল বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। পেসার রোহানাত দৌল্লা বর্ষণের দুর্দান্ত বোলিং এবং ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমে বল হাতে প্রতিপক্ষকে চূর্ণ করে সফরকারীরা। পেস আক্রমণের প্রধান কারিগর বর্ষণ মাত্র ২৪ রান খরচ করে তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট, যার তোপে পড়ে ৪৪ ওভারে ১৬৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। প্রোটিয়াদের পক্ষে মিচেল ভ্যান বুরেনের ৭৩ রানের একাকী লড়াই ছাড়া আর কেউ শক্ত প্রতিরোধ গড়তে পারেননি। 

বল হাতে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও কম যাননি। ৬ ওভারে ২৮ রান দিয়ে তিনি নেন ২ উইকেট।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবলীল ব্যাটিং তুলে ধরে সফরকারী ব্যাটাররা। শাহাদাত হোসেন দিপুর ৯০ বলে ৭২ এবং মাহফিজুল ইসলাম রবিনের ১০০ বলে ৬১ রানের জোড়া অর্ধশতকের ওপর ভর করে ৩৮.৩ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় বাংলাদেশ।

উল্লেখ্য, ত্রিদেশীয় এই ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের কাছে প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে লিগ পর্বের ৪ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রানরেটের সমীকরণ চুকিয়ে যৌথভাবে শীর্ষ দল হিসেবে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রেখেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। 

টুর্নামেন্টের অন্য দল ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকা (ইউএসএসএ) কোনো ম্যাচেই জয়ের মুখ দেখেনি। আগামী ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে ট্রফি জয়ের লড়াইয়ে শেষবারের মতো মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।