অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর হচ্ছে পিসিবি, দুই বছরের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর হচ্ছে পিসিবি, দুই বছরের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর হচ্ছে পিসিবি, দুই বছরের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর হচ্ছে পিসিবি, দুই বছরের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

অনুমোদনহীন একটি টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ায় পাকিস্তানের একাধিক সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাম্বিয়ায় অনুষ্ঠিত এশিয়ান লিজেন্ডস লিগে (এএলএল) খেলায় অংশ নেওয়া ক্রিকেটারদের দুই বছরের জন্য পিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার পাশাপাশি বোর্ড ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোনো দায়িত্ব থেকেও বিরত রাখার সিদ্ধান্ত জানিয়েছে তারা।

সম্প্রতি জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ) এক বিবৃতিতে জানায়, এশিয়ান লিজেন্ডস লিগ তাদের অনুমোদিত বা স্বীকৃত কোনো টুর্নামেন্ট নয়। এরপরই বিষয়টি নিয়ে “গুরুত্বের সঙ্গে” নজর দেয় পিসিবি।

এক বিবৃতিতে পিসিবি জানায়, প্রয়োজনীয় অনুমতি ছাড়া এই অননুমোদিত টুর্নামেন্টে অংশ নেওয়া আইসিসির নিয়মের পরিপন্থী। তাই সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, যারা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এই লিগে অংশ নিয়েছেন, তারা আগামী দুই বছর পিসিবির কাছ থেকে বিদেশি অনুমোদিত লিগ বা প্রতিযোগিতায় খেলার জন্য এনওসি পাবেন না। একই সঙ্গে এই সময়ের মধ্যে পিসিবি বা পিএসএলের কোনো কোচিং, পরামর্শক, মেন্টরিং বা অন্য কোনো দায়িত্বেও বিবেচিত হবেন না।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পিসিবি মনে করছে নিয়ম লঙ্ঘনের ঘটনা ইতোমধ্যেই ঘটেছে। ৩০ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিয়েছে, যার একটি পাকিস্তান প্যান্থার্স। দলটির হয়ে ইতোমধ্যে দুটি ম্যাচও খেলা হয়েছে।

তবে সব পাকিস্তানি ক্রিকেটার মাঠে নামেননি। জানা গেছে, মোহাম্মদ হাফিজ, সোহেল তানভির এবং উমর আকমল জাম্বিয়ায় পৌঁছালেও আইসিসির প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ার বিষয়টি জানার পর শেষ পর্যন্ত তারা খেলেননি। তবে অন্য কয়েকজন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ম্যাচে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

লিগের অন্য দলগুলো হলো ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, বাংলাদেশ টাইগার্স, আফগানিস্তান পাঠানস ও এশিয়ান স্টার্স। বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নিলেও এখন পর্যন্ত কেবল পিসিবিই তাদের খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

পিসিবি আরও বলেছে, আইসিসির নিয়মকানুন মেনে ক্রিকেটের সুশাসন ও অখণ্ডতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে বর্তমান ও সাবেক সব পাকিস্তানি ক্রিকেটারকে আগে থেকেই বোর্ডের প্রয়োজনীয় অনুমোদন ও এনওসি নিতে হবে।

এশিয়ান লিজেন্ডস লিগের ওয়েবসাইটে পাকিস্তান প্যান্থার্সের স্কোয়াডে রয়েছেন শারজিল খান, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, ইমরান নাজির, সাঈদ আজমল, সোহেল তানভির, ইয়াসির শাহ, নাভেদ-উল-হাসান, মোহাম্মদ ইরফান, জুলফিকার বাবর, রহাত আলি, হাসান রাজা, ইয়াসির ভাট এবং রানা নঈম আনোয়ার।