উগ্র উদযাপনের দায়ে শাস্তির মুখে আব্বাস ও খুররম
উগ্র উদযাপনের দায়ে শাস্তির মুখে আব্বাস ও খুররম
উগ্র উদযাপনের দায়ে শাস্তির মুখে আব্বাস ও খুররম
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে আক্রমণাত্মক উদযাপনের কারণে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদ। উগ্র আচরণ ও অসদাচরণের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুজনকেই ১টি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে। শাস্তি হিসেবে খুররম শাহজাদকে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং মোহাম্মদ আব্বাসকে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক তিরস্কার।
আইসিসির আচরণবিধির ধারা ২.৫ লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। এই নিয়ম অনুযায়ী, আউট হওয়ার পর কোনো ব্যাটারকে প্ররোচিত করা বা তার উদ্দেশ্যে কটু কথা, অঙ্গভঙ্গি বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখানো যাবে না। ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তির এই সিদ্ধান্ত জানান।
দুই পাকিস্তানি পেসারই নিজেদের অপরাধ স্বীকার করে নিয়ে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসের মধ্যে এটিই দুই বোলারের প্রথম অপরাধ। উল্লেখ্য, ২৪ মাসের মধ্যে ৪টি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা হলে খেলোয়াড় সাসপেনশন বা নিষেধাজ্ঞার মুখে পড়েন।
সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত খেলে চার দিনের মধ্যেই পাকিস্তানকে ৯০ রানে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২ আগস্ট থেকে পোর্ট অব স্পেনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
