ওয়ানডেতেও অধিনায়ক লিটন, মিরাজকে সরিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 3 মিনিট আগে
ওয়ানডেতেও অধিনায়ক লিটন, মিরাজকে সরিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত

ওয়ানডেতেও অধিনায়ক লিটন, মিরাজকে সরিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত

ওয়ানডেতেও অধিনায়ক লিটন, মিরাজকে সরিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত

সংক্ষিপ্ত সময়ের গুঞ্জনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের কাঠামোতে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন কুমার দাসকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এর ফলে টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও জাতীয় দলের নেতৃত্ব দেবেন লিটন, আর দুই সাদা বলের সংস্করণেই সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়।

অন্যদিকে টেস্ট ক্রিকেটে নেতৃত্বে কোনো পরিবর্তন আসেনি। নাজমুল হোসেন শান্তই লাল বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন এবং সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তামিম জানান, বোর্ড দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই নেতৃত্বের কাঠামো পুনর্বিন্যাস করেছে। তিন সংস্করণে তিনজনের পরিবর্তে দুই ধরনের ক্রিকেটের জন্য দুই অধিনায়কের মডেলকেই তারা বেশি কার্যকর মনে করছেন। এ প্রসঙ্গেই তিনি বলেন, ‘আমাদের তিন ফরম্যাটে তিনজন ক্যাপ্টেন ছিল। আমি বিশ্বাস করি আমাদের দুইজন ক্যাপ্টেন থাকা উচিত- সাদা বল এবং লাল বলের জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিটন দাস সাদা বল ক্যাপ্টেন হিসেবে থাকবেন এবং নাজমুল হোসেন শান্ত লাল বল ক্যাপ্টেন হিসেবে কন্টিনিউ করবেন।’

একই সংবাদ সম্মেলনে সাদা বলের সহ-অধিনায়ক হিসেবেও নতুন সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি। পাশাপাশি টেস্ট দলের সহ-অধিনায়ক পদে আগের ব্যবস্থাই বহাল রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ঘোষণা দিতে গিয়ে তামিম বলেন, ‘সাদা বলের ভাইস-ক্যাপ্টেন হবেন তাওহীদ হৃদয় এবং লাল বলের ভাইস-ক্যাপ্টেন আগের মতোই থাকবেন (মেহেদী হাসান মিরাজ)।’

অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বের প্রশংসা করতে ভোলেননি তামিম ইকবাল। তার ভাষ্য, মিরাজ অধিনায়ক হিসেবে সফল ছিলেন, তবে দলের স্বার্থে তাকে একজন অলরাউন্ডার হিসেবে আরও বেশি কার্যকর অবস্থায় দেখতে চায় বোর্ড। বিশেষ করে তার বোলিংয়ে আগের ধার ফিরিয়ে আনার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। 

বিষয়টি ব্যাখ্যা করে তামিম বলেন, ‘মিরাজ একজন অত্যন্ত সফল ক্যাপ্টেন ছিলেন, গত পাঁচটি সিরিজের মধ্যে চারটি তিনি জিতেছেন; কিন্তু আমি মনে করি মিরাজকে একজন ক্রিকেটার হিসেবে আমাদের বেশি প্রয়োজন। পারফরমার হিসেবে তাকে যে লেভেলে দেখতে অভ্যস্ত, সেখানে হয়তো কিছুটা ঘাটতি দেখা যাচ্ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে সে ভালো করলেও বোলিংয়ে আরও উন্নতির জায়গা আছে।’

উল্লেখ্য, ২০২৪ সালে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজের হাতে। তার অধিনায়কত্বে বাংলাদেশ ২৪টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ১০টিতে জয় এসেছে, ১৩টিতে হারতে হয়েছে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এখন সেই অধ্যায়ের ইতি টেনে সাদা বলের ক্রিকেটে নতুন নেতৃত্বের দায়িত্ব পেলেন লিটন কুমার দাস।