সিরিজ নির্ধারণী ম্যাচে সাকিবকে দলে নিলো বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সিরিজ নির্ধারণী ম্যাচে সাকিবকে দলে নিলো বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে সাকিবকে দলে নিলো বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে সাকিবকে দলে নিলো বাংলাদেশ

চট্টগ্রামের নির্ধারণী লড়াইকে সামনে রেখে দলে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটেনি বাংলাদেশ। শেষ ওয়ানডের আগে ঘোষিত স্কোয়াডে নতুনত্ব বলতে কেবল একটি নাম ফিরেছেন তানজিম হাসান সাকিব।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের দুই ম্যাচের স্কোয়াড অপরিবর্তিত রেখেই কেবল সাকিবকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে কাউকে বাদ দেওয়া হয়নি, নতুন করেও আর কাউকে ডাকা হয়নি।

চোটের কারণে সাম্প্রতিক সময়ে ছন্দের বাইরে ছিলেন তানজিম। এই সিরিজ দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার সামনে। তবে একাদশে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, কারণ পেস আক্রমণে প্রতিযোগিতা এখন তুঙ্গে। শরিফুল ইসলাম ও নাহিদ রানা টানা দুই ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন, আর তাসকিন আহমেদ তো আছেনই দলের মূল ভরসা হিসেবে। পাশাপাশি চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন মুস্তাফিজুর রহমানও।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা মোসাদ্দেক হোসেন সৈকতের দলে ফেরার সম্ভাবনা এবারও বাস্তবে রূপ পায়নি। গুঞ্জন থাকলেও নির্বাচকদের ভাবনায় জায়গা হয়নি এই অলরাউন্ডারের।

আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ম্যাচে ২৬ রানের জয়ে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ৬ উইকেটের জয় তুলে নিয়ে সমতায় ফেরে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণের মঞ্চে পরিণত হয়েছে।

বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, সৌম্য সরকার, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।