সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, সমতায় ফিরল লড়াই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, সমতায় ফিরল লড়াই

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, সমতায় ফিরল লড়াই

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, সমতায় ফিরল লড়াই

সিরিজ বাঁচানোর ম্যাচে চাপ ছিল তুঙ্গে, কিন্তু সেই চাপকে শক্তিতে রূপ দিল বাংলাদেশ। মিরপুরে দাপুটে পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে শুধু জয়ই নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।

প্রথম ম্যাচে ২৬ রানের হারের পর দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। সেই চ্যালেঞ্জে দারুণভাবে সাড়া দেয় মেহেদী হাসান মিরাজের দল। আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে পরে ৮৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইগাররা।

১৯৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ঝড়ো হলেও স্থায়ী হয়নি। প্রথম ওভারে দুটি চার মেরে শুরু করা সাইফ হাসান ৮ রান করে বিদায় নেন। সৌম্য সরকারও ইনিংস বড় করতে পারেননি, ৮ রান করেই ফেরেন তিনি। তবে এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তামিম ৫৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেললেও আউট হন, আর শান্ত ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতেই ২ উইকেট তুলে নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। নাহিদ রানার গতি ও ধারালো বোলিংয়ে দ্রুত ভেঙে পড়ে কিউইদের টপ অর্ডার। পরে সৌম্য সরকার ও শরিফুল ইসলামও উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।

এক পর্যায়ে নিক কেলি ও মুহাম্মদ আব্বাস জুটি গড়ে ইনিংস গড়ার চেষ্টা করলেও সেটি বেশি দূর এগোয়নি। কেলি ৮৩ রান করে আউট হলে দ্রুত ধসে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। শেষ দিকে নাহিদ নিজের পঞ্চম উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে ২০০ রানের আগেই থামিয়ে দেন। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে অলআউট হয় নিউজিল্যান্ড, আর সেই লক্ষ্য তাড়া করে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।