টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে তদন্ত কমিটি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ সরকার। আগের সরকারের সেই সিদ্ধান্তের জেরেই ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত আসর থেকে ছিটকে যায় বাংলাদেশ।

সোমবার এক বিজ্ঞপ্তিতে ক্রীড়া মন্ত্রণালয় জানায়, অতিরিক্ত সচিব ড. একেএম ওয়ালি উল্লাহকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার এবং ফয়সাল দস্তগীর। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার পেছনের পুরো বিষয়টি খতিয়ে দেখে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের।

ঘটনার সূত্রপাত গত ৩ জানুয়ারি। সে সময় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে তাদের আইপিএল ২০২৬ স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দিতে নির্দেশ দেয়। যদিও এ সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। ওই সময় ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কও ছিল টানাপোড়েনের মধ্যে।

এর পরদিনই তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান, তিনি চান আইসিসি বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করুক। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন তিনি।

৪ জানুয়ারির ওই পোস্টে আসিফ নজরুল লিখেছিলেন, “আমি বিসিবিকে পুরো বিষয়টি আইসিসির কাছে ব্যাখ্যা করতে বলেছি। যেখানে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে পারে না, সেখানে পুরো বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে গিয়ে নিজেদের নিরাপদ ভাবতে পারে না। আমি বোর্ডকে এটাও অনুরোধ করেছি যেন বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানানো হয়।”

এরপর বিসিবি আইসিসিকে জানায়, বাংলাদেশ ভারত গিয়ে খেলবে না। তবে আইসিসি জানিয়ে দেয়, তাদের কাছে কোনো গ্রহণযোগ্য নিরাপত্তা শঙ্কার প্রমাণ নেই। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করলেও অচলাবস্থা কাটেনি।

২৪ জানুয়ারি আইসিসি বোর্ড বাংলাদেশের দাবি নাকচ করে দিলে টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়।

জাতীয় নির্বাচনের আগের দিন আসিফ নজরুল অবস্থান পরিবর্তন করে বলেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত তিনি নেননি। এ দায় তিনি ক্রিকেটারদের ওপর চাপান।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া উপদেষ্টা আমিনুল হক জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রীড়া সম্পর্ক পুনর্গঠনে তারা কাজ করতে চান। পাশাপাশি সংসদে তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বিসিবি ও আগের সরকারের ভূমিকা কী ছিল, তা সঠিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন।