এনসিএলের শিরোপা জিতে রেকর্ড গড়ল খুলনা
এনসিএলের শিরোপা জিতে রেকর্ড গড়ল খুলনা
এনসিএলের শিরোপা জিতে রেকর্ড গড়ল খুলনা
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে রেকর্ড অষ্টম শিরোপা ঘরে তুলল তারা।এর আগে ৭টি করে শিরোপা নিয়ে ঢাকা বিভাগের সাথে যৌথভাবে শীর্ষে ছিল খুলনা।
ঢাকাকে টপকে এখন এককভাবে এনসিএলের সফলতম দল হিসেবে নতুন ইতিহাস গড়ল দক্ষিণাঞ্চলের দলটি। ম্যাচে চ্যাম্পিয়ন হতে ড্র করলেই চলত, কিন্তু দাপুটে খেলেই জয় তুলে নেয় খুলনা।
রংপুরের প্রথম ইনিংসের ৩৩৮ রানের জবাবে নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে ৩২২ রান করে খুলনা।
দ্বিতীয় ইনিংসে বোলার সফর আলীর তোপে মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায় রংপুর। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন সফর আলী।
২০২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিমের ওপেনিং জুটিতে ১২৩ রান পায় খুলনা। বিজয়ের ঝোড়ো ৮১ রানের পর তামিমের অপরাজিত ৭৮ ও কালাম সিদ্দিকির অপরাজিত ৩৬ রানে ভর করে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।
খুলনার এই শিরোপা জয়ে এবারের আসরে রানার্সআপ হয়েছে সিলেট বিভাগ।
