পিএসএলে দাপুটে জয় পেল মুস্তাফিজ,ইমনের লাহোর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 16 সেকেন্ড আগে
পিএসএলে দাপুটে জয় পেল মুস্তাফিজ,ইমনের লাহোর

পিএসএলে দাপুটে জয় পেল মুস্তাফিজ,ইমনের লাহোর

পিএসএলে দাপুটে জয় পেল মুস্তাফিজ,ইমনের লাহোর

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অভিযান দারুণভাবে শুরু করেছে লাহোর কালান্দার্স। গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে তারা ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে হায়দ্রাবাদ কিংসম্যানকে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে লাহোর কালান্দার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৯৯ রান। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ কিংসম্যান ২০ ওভারে অলআউট হয় মাত্র ১৩০ রানে।

লাহোরের ইনিংসের শুরুটাই ছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতে মোহাম্মদ নাইম ও ফখর জামান গড়ে তোলেন ৮৪ রানের জুটি। পাওয়ারপ্লেতেই আসে ৬৪ রান, যা ম্যাচের গতি নির্ধারণ করে দেয়।

ফখর জামান খেলেন দারুণ এক ইনিংস, ৫৩ রান করেন ঝড়ো ব্যাটিংয়ে। নাইম যোগ করেন ৩০ রান। মাঝের ওভারে কিছু উইকেট হারালেও হাল ছাড়েনি লাহোর।

হাসিবুল্লাহ খান শেষ পর্যন্ত অপরাজিত ৪০ রান করে ইনিংসটিকে এগিয়ে নেন। সিকান্দার রাজা মাত্র ১০ বলে ২৪ রানের ঝড়ো ক্যামিও খেলেন। শেষ দিকে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি দুই ছক্কা হাঁকিয়ে দলকে ১৯৯ রানে পৌঁছে দেন।

তবে বাংলাদেশের ব্যাটার পারভেজ হোসেন ইমন পিএসএলের অভিষেকটা রাঙাতে পারেননি। মাত্র ১৩ বলে ১৪ রান করেন তিনি। ইমনের ব্যাট থেকে আসে ১টি ছক্কা।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হায়দরাবাদ। শাহীন আফ্রিদি ও উবাইদ শাহ দ্রুত দুই ওপেনারকে ফিরিয়ে দেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিংসম্যানরা। সিকান্দার রাজা, হারিস রউফ ও মুস্তাফিজুর রহমান দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচ থেকে প্রতিপক্ষকে ছিটকে দেন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন ফিজ।

কুসাল পেরেরা ও মার্নাস লাবুশেনের উইকেট দ্রুত পড়ে গেলে ম্যাচ পুরোপুরি লাহোরের নিয়ন্ত্রণে চলে যায়। শেষ পর্যন্ত ১৩০ রানে থামে হায়দ্রাবাদের ইনিংস।