ওয়ানডে সিরিজের আগে উইকেট নিয়ে স্বস্তিতে বাংলাদেশ কোচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ওয়ানডে সিরিজের আগে উইকেট নিয়ে স্বস্তিতে বাংলাদেশ কোচ

ওয়ানডে সিরিজের আগে উইকেট নিয়ে স্বস্তিতে বাংলাদেশ কোচ

ওয়ানডে সিরিজের আগে উইকেট নিয়ে স্বস্তিতে বাংলাদেশ কোচ

প্রায় পাঁচ মাস পর আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। সবশেষ গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার পর এই ফরম্যাটে আর মাঠে নামেনি টাইগাররা। দীর্ঘ বিরতির পর এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নতুন করে ওয়ানডে লড়াই শুরু করতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

আগামী বুধবার (১১ মার্চ) ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্যের পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে সিরিজ শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই উইকেটের আচরণ নিয়ে নানা আলোচনা থাকলেও, বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বেশ আশাবাদী।

সোমবার (৯ মার্চ) সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বলেন,

"এবারের উইকেটগুলো সেই সিরিজের তুলনায় অনেক বেশি ভালো মনে হচ্ছে। তাই আমাদের মূল লক্ষ্য হলো উন্নতি করা এবং পরের ধাপে যাওয়া।"

একই সংবাদ সম্মেলনে দলের সামগ্রিক প্রস্তুতি ও উন্নতির জায়গাগুলো নিয়েও কথা বলেন তিনি। বিশেষ করে ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই মাঝের ওভারগুলোতে আরও কার্যকর হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সিমন্স। এ প্রসঙ্গে তিনি বলেন,

"গত ম্যাচে আমরা যেভাবে ব্যাটিং করেছি, সেই ধারা বজায় রাখা এবং কিছু নির্দিষ্ট জায়গায় কাজ করা প্রয়োজন। আমি মনে করি, আমরা বিশেষ করে মিডল ওভারে (মাঝের ওভারগুলোতে) আরও ভালো করতে পারি। কারণ, সেখানে আমরা খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিলাম না। আর আমাদের বোলিংয়ের ক্ষেত্রেও মাঝের ওভারগুলোতে আরও বেশি উইকেট নিতে হবে। মূলত এই দুই জায়গাতেই আমরা অনেক বেশি গুরুত্ব দেব।"

এ সময় সাম্প্রতিক ম্যাচ ও বিপিএলের শেষ দিকের খেলা দেখে উইকেটের উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন বাংলাদেশ কোচ। উইকেট নিয়ে নিজের ইতিবাচক ধারণা তুলে ধরে তিনি বলেন,

"আমার কাছে এখনকার উইকেটগুলো অনেক বেশি ভালো মনে হচ্ছে। আমি বিপিএলের শেষ অংশটা দেখেছি, এমনকি দুই দিন আগে যে ম্যাচটা হলো সেটাও দেখেছি। উইকেট এখন আগের চেয়ে অনেক উন্নত। ক্রিকেটার হিসেবে আমরা সবসময় ভালো উইকেটে খেলতে চাই, যাতে নিজেদের দক্ষতা যাচাই করা যায়।"