নির্বাচক প্যানেলে দুই সদস্য চায় বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নির্বাচক প্যানেলে দুই সদস্য চায় বিসিবি

নির্বাচক প্যানেলে দুই সদস্য চায় বিসিবি

নির্বাচক প্যানেলে দুই সদস্য চায় বিসিবি

জাতীয় দলের ভবিষ্যৎ স্কোয়াড গঠনে নতুন সদস্য খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেট পরিচালনাকারী সর্বোচ্চ সংস্থাটি জাতীয় নির্বাচক প্যানেলে দুইজন সদস্য নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন আহ্বান করেছে। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা হবে প্রার্থীদের।

চুক্তির মেয়াদ গতকাল শেষ হলেও দায়িত্ব থেকে সরে যাচ্ছেন না গাজী আশরাফ হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধে তিনি অন্তত আরও এক মাস প্রধান নির্বাচকের দায়িত্ব সামলাবেন। এ সময়ের মধ্যেই নতুন নির্বাচক নিয়োগের পুরো প্রক্রিয়া শেষ করতে চায় বোর্ড। এজন্যই দেয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকভাবে দুই বছরের জন্য এ নিয়োগ দেওয়া হবে, তবে সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে। যোগ্যতা, অভিজ্ঞতা ও পটভূমি অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

জাতীয় নির্বাচক প্যানেল দেশের সিনিয়র পুরুষ জাতীয় দল (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি), বাংলাদেশ ‘এ’ দল, এইচপি ইউনিট, এনসিএল, বিসিএল, বিপিএলসহ অন্যান্য পুরুষ দলের স্কোয়াড নির্বাচন করবে। পাশাপাশি দেশি-বিদেশি পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ঘরোয়া ম্যাচে উপস্থিত থেকে পারফরম্যান্স ডাটাবেজ সংরক্ষণ, প্রধান কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় এবং ক্রিকেট অপারেশনস কমিটিতে নিয়মিত প্রতিবেদন দাখিল করতে হবে। খেলোয়াড় উন্নয়ন ও উত্তরসূরি পরিকল্পনা নিয়েও কৌশলগত পরামর্শ দিতে হবে।

আবেদনকারীদের ক্ষেত্রে শর্ত হিসেবে বলা হয়েছে, সাবেক আন্তর্জাতিক বা প্রথম শ্রেণির ক্রিকেটার হতে হবে এবং ন্যূনতম ১০০টি প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ম্যাচ খেলার সম্মিলিত অভিজ্ঞতা থাকতে হবে। আধুনিক ক্রিকেটের চাহিদা সম্পর্কে সুস্পষ্ট ধারণা, সততা, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকতে হবে। বাংলাদেশ ও বিদেশে ভ্রমণে আগ্রহী এবং বিশ্লেষণধর্মী, যোগাযোগ ও প্রতিবেদন তৈরির সক্ষমতাও প্রয়োজন।

আগ্রহী প্রার্থীদের সিভি, প্রত্যাশিত বেতনের উল্লেখসহ ফরওয়ার্ডিং লেটার এবং একটি সাম্প্রতিক ছবি প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর ই-মেইলে পাঠাতে হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৮ মার্চ ২০২৬। কেবল সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোন আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে বিসিবি।