ইংল্যান্ড ক্রিকেট দলের কোচিং প্যানেলে যোগ দিলেন কেভিন পিটারসেন
ইংল্যান্ড ক্রিকেট দলের কোচিং প্যানেলে যোগ দিলেন কেভিন পিটারসেন
ইংল্যান্ড ক্রিকেট দলের কোচিং প্যানেলে যোগ দিলেন কেভিন পিটারসেন
আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ‘স্পেশালিস্ট মেন্টর’ (বিশেষজ্ঞ পরামর্শক) হিসেবে বর্তমান কোচ ব্র্যান্ডন ম্যাককালামের কোচিং গ্রুপে কাজ করবেন তিনি।
চলতি মাসের শেষদিকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হতে যাওয়া টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজের মাধ্যমে পিটারসেন তাঁর এই নতুন অধ্যায় শুরু করবেন। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে পরবর্তী ওডিআই বিশ্বকাপ।
নতুন দায়িত্ব পাওয়ার পর ৪৬ বছর বয়সী পিটারসেন অনুভূতি ব্যক্ত করে বলেন, “দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য একটি দলকে প্রস্তুত করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত। ২০১৪ সালের পর আবারও ইংল্যান্ডের জার্সিতে ফেরাটা আমার জন্য এক বিশাল সম্মান ও বিশেষ মুহূর্ত। আমাদের সাদা বলের দলটি অত্যন্ত মেধাবী, এবং এই খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স বের করে আনতে আমি কঠোর পরিশ্রম করতে মুখিয়ে আছি।”
অন্যদিকে ইংলিশদের সাদা বলের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম পিটারসেনকে নিয়ে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “কেপির প্রতি এবং ক্রিকেটে তার অর্জনের প্রতি আমার অসীম শ্রদ্ধা রয়েছে। ইংলিশ ক্রিকেটে তাঁর বিশাল প্রভাব ছিল। তাঁর মতো অভিজ্ঞ ও দূরদর্শী একজন ক্রিকেটার এই দলের সঙ্গে যুক্ত হওয়াটা আমাদের জন্য দারুণ এক প্রাপ্তি।”
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই তারকা ব্যাটার খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে দারুণ সফল হলেও ছিলেন বেশ বিতর্কিত। সহখেলোয়াড় ও কোচদের সঙ্গে মতভেদের জের ধরে একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে ২০১৩/১৪ মৌসুমে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর অত্যন্ত তিক্ততার মধ্য দিয়ে শেষ হয় তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার।
ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচে ৮,১৮১ রান সংগ্রহ করেছেন পিটারসেন। এছাড়া ১৩৬টি ওডিআই এবং ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি মোট ৫,৫০০-র বেশি রান করেছেন। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
