তাসকিনের রেকর্ড গড়া বোলিং, ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় জায়গা
তাসকিনের রেকর্ড গড়া বোলিং, ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় জায়গা
তাসকিনের রেকর্ড গড়া বোলিং, ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় জায়গা
২০২৫ সালের ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য দেওয়া ক্রিকইনফোর বার্ষিক পুরস্কারে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে তিনি জিতেছেন পুরুষদের টি–টোয়েন্টি লিগের সেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কার।
ম্যাচটিতে তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে গুঁড়িয়ে যায় ঢাকা ক্যাপিটালের ব্যাটিং লাইনআপ। তার এই ৭ উইকেট বিপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয় এবং সেটিই তাকে এনে দিয়েছে এই স্বীকৃতি।
এদিকে ২০২৫ সালে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা। পুরুষদের টেস্ট ব্যাটিং পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ১৩৬ রানের ইনিংস খেলে। টেস্ট বোলিং বিভাগে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে ৭ উইকেট নেওয়ার জন্য।
ওয়ানডে ব্যাটিং বিভাগে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ১৭৭ রানের ইনিংস খেলে পুরস্কার জিতেছেন। আর ওয়ানডে বোলিংয়ে ভারতের বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নিয়ে হয়েছেন সেরা।
টি–টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটিং পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৪১ রানের ঝড়ো ইনিংসের জন্য। একই ফরম্যাটে বোলিংয়ে সেরা হয়েছেন ভারতের কুলদীপ যাদব, পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে ৪ উইকেট নেওয়ার সুবাদে।
ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগে ব্যাটিং পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার মিচেল ওউইন, সিডনি থান্ডারের বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করে। আর বোলিংয়ে সেরা হয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ।
পুরুষদের বর্ষসেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা এবং বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার বিউ ওয়েবস্টার।
নারী ক্রিকেটে প্রায় সব বড় পুরস্কারই জিতেছেন ভারতীয় ক্রিকেটাররা। নারী ওয়ানডে ব্যাটিংয়ে জেমিমাহ রদ্রিগেজ, বোলিংয়ে দীপ্তি শর্মা, টি–টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটিংয়ে স্মৃতি মান্ধানা এবং বোলিংয়ে শ্রীর চারানি সেরা হয়েছেন। এছাড়া নারী টি–টোয়েন্টি লিগে ব্যাটিং পুরস্কার জিতেছেন হারমানপ্রীত কৌর এবং বোলিংয়ে ক্রান্তি গৌড়।
এছাড়া সহযোগী দেশগুলোর মধ্যে ব্যাটিং পুরস্কার পেয়েছেন নেদারল্যান্ডসের ম্যাক্স ও’ডাউড এবং বোলিংয়ে ইতালির হ্যারি ম্যানেন্তি।
