২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ক্যারিবিয়ানদের ব্যর্থতার ধারাবহিকতা বজায় রইল আরও একবার। আইরিশদের বিপক্ষে আফগানদের রোমাঞ্চকর জয়ে নিশ্চিত হয়ে গেছে, ২০২৭ সালের একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপেও সরাসরি খেলার সুযোগ পাচ্ছে না দুইবারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ। টানা পঞ্চমবারের মতো বাছাইপর্বের কঠিন সমীকরণ পেরিয়েই মূল পর্বের টিকিট কাটতে হবে তাদের। একইসঙ্গে এই ফলাফলের হাত ধরে কোনো জটিলতা ছাড়াই বিশ্বকাপের মূল মঞ্চে সরাসরি নিজেদের জায়গা পাকা করে নিয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্ধারিত নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি টুর্নামেন্টে অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে আগে থেকেই মূল পর্বে নিশ্চিত থাকায় এবার সর্বোচ্চ ১০টি দল সরাসরি খেলার সুবিধা পাচ্ছে। বেলফাস্টে গত রাতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে নিজেদের টিকিট নিশ্চিত করে আফগানিস্তান। তাদের এই জয়ের ফলে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার পাশাপাশি চূড়ান্ত তালিকায় স্থান করে নেয় লিটন দাসের দলও।

সংকট ঘনীভূত হয়েছে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের জন্য। নির্ধারিত সময়সীমার মধ্যে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ বাকি থাকলেও, সেখানে জয় পেলেও সমীকরণের হিসাব বদলানোর সুযোগ নেই ক্যারিবিয়ানদের। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে আবারও বাছাইপর্বে নামতে হচ্ছে তাদের। উল্লেখ্য, ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বেও সুপার সিক্স থেকে বিদায় নিয়ে প্রথমবারের মতো মূল পর্ব থেকে ছিটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ; যার মাশুল হিসেবে তারা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

আইসিসির আগামী বিশ্বকাপের বাছাই কাঠামোতেও এসেছে নতুন পরিবর্তন, যা নিয়ে উসকে উঠেছে সহযোগী দেশগুলোর অসন্তোষ। নতুন নিয়মে, বাছাইপর্বের বিজয়ী দল সরাসরি মূল প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে খেলবে। অন্যদিকে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তিনটি দল 'সুপার সিরিজ' নামের প্রথম পর্বে মুখোমুখি হবে, যেখান থেকে কেবল শীর্ষ দলই পরবর্তী রাউন্ডের টিকিট পাবে।

বাছাইপর্বের এই টুর্নামেন্টে মূল লড়াইটা হবে র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দুই টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে ঘিরে। এদের সঙ্গে যোগ দেবে 'ক্রিকেট বিশ্বকাপ লিগ টু' থেকে উঠে আসা সেরা চার দল এবং 'কোয়ালিফায়ার প্লে-অফ' অতিক্রম করা আরও চার দল। লিগ টু-এর নিচের দিকের চার দল ও তৃতীয় স্তরের 'চ্যালেঞ্জ লিগ'-এর সেরা চার দল নিয়ে গঠিত হবে এই প্লে-অফ, যা পূর্ণাঙ্গ লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করবে।