পাঁচ উইকেটের দিনে সতীর্থদের কৃতিত্ব দিলেন মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 14 মিনিট আগে
পাঁচ উইকেটের দিনে সতীর্থদের কৃতিত্ব দিলেন মিরাজ

পাঁচ উইকেটের দিনে সতীর্থদের কৃতিত্ব দিলেন মিরাজ

পাঁচ উইকেটের দিনে সতীর্থদের কৃতিত্ব দিলেন মিরাজ

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে স্বস্তির হাসি বাংলাদেশ শিবিরে। পাকিস্তানকে প্রথম ইনিংসে পিছিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে টাইগাররা। আর এই সাফল্যের কেন্দ্রে ছিলেন মেহেদী হাসান মিরাজ। অফস্পিনে ধারাবাহিক আঘাত হেনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে দলের বোলিং পারফরম্যান্স নিয়ে কথা বলেন মিরাজ। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার ভূমিকার প্রশংসা করেন তিনি। শুরুতে কিছুটা খরুচে বোলিং করলেও দল যেভাবে তাকে সমর্থন দিয়েছে, সেটিই পরে ইতিবাচক ফল এনে দিয়েছে বলে মনে করেন এই অলরাউন্ডার।

‘নাহিদ রানা তো ভালো বোলিংই করেছে। প্রথম দুটি স্পেল একটু খরুচে ছিল। তবে আমরা ওকে অনেক আত্মবিশ্বাস দিয়েছি। ও একটা ব্রেক থ্রুও দিয়েছে আমাদের। এটা অনেক জরুরি ছিল। অনেক রান করে ফেলেছিল, পার্টনারশিপ হয়েছিল।’

ইনজুরি কাটিয়ে টেস্ট দলে ফেরা তাসকিন আহমেদের বোলিংও বাংলাদেশকে এগিয়ে দিয়েছে বলে মনে করেন মিরাজ। এক প্রান্ত থেকে নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে অন্য প্রান্ত থেকেও চাপ তৈরি করা সম্ভব হয়েছে বলে ব্যাখ্যা দেন তিনি। একই সঙ্গে দীর্ঘদিন পর টেস্ট খেলেও তাসকিন যেভাবে ছন্দ ধরে রেখেছেন, সেটিকেও ইতিবাচক হিসেবে দেখছেন এই স্পিনার।

‘তাসকিন যেভাবে বল করেছে ওর জন্যই ওদের কম রানে আটকাতে পেরেছি। আমার কাজ সহজ হয়ে গেছে, যখন সে দুই উইকেট নিয়েছে। আমাদের পার্টনারশিপ ভালো ছিল। ১০ ওভারের মতো বল করেছি দুজনে। এক এন্ড থেকে টাইট বোলিং হলে কিন্তু আরেক এন্ড থেকে রান বের হয়ে গেলে উইকেটের সুযোগ তৈরি হবে না। কিন্তু দুই প্রান্ত থেকেই টাইট বোলিং হলে ব্যাটাররা রানের জন্য সুযোগ খুঁজে, কারণ ক্রিকেট রানের খেলা। তাসকিনের জন্য একটু কঠিন ছিল, অনেকদিন পর টেস্ট খেলেছে। তবে ওর বোলিং ওভারঅল খুব ভালো লেগেছে। রানা-ইবাদতও ভালো করেছে। বোলিং ইউনিট খারাপ করেছি মনে হয় না। লিডের আগেই তো আটকে দিয়েছি।’