অপরাজিত যাত্রার শেষটাও জয়ে, নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্ব সেরা বাংলাদেশ নারী দল

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অপরাজিত যাত্রার শেষটাও জয়ে, নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্ব সেরা বাংলাদেশ নারী দল

অপরাজিত যাত্রার শেষটাও জয়ে, নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্ব সেরা বাংলাদেশ নারী দল

অপরাজিত যাত্রার শেষটাও জয়ে, নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্ব সেরা বাংলাদেশ নারী দল

নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত আধিপত্য দেখিয়ে মিশন শেষ করেছে বাংলাদেশ নারী দল। সুপার সিক্সের শেষ ম্যাচে রোববার নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়নসুলভ পারফরম্যান্স উপহার দেয় নিগার সুলতানার দল।

কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই জয়ের মাধ্যমে বাছাইপর্বে টানা সপ্তম ম্যাচে জয় পেল টাইগ্রেসরা। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচেও হারেনি বাংলাদেশ। আগেই নিশ্চিত হয়েছিল বছরের শেষ দিকে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ করল তারা।

গ্রুপ পর্বে চার ম্যাচে পূর্ণ সাফল্যের পর সুপার সিক্সেও একই ধারাবাহিকতা বজায় রাখে বাংলাদেশ। তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিতে খুব একটা কঠিন পরীক্ষায় পড়তে হয়নি দলটিকে।

শেষ ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান নিগার সুলতানা। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে বাংলাদেশ। অফ স্পিনার নাহিদা আক্তার ছিলেন সবচেয়ে কার্যকর। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। তার স্পেলে আট ওভারের মধ্যেই নেদারল্যান্ডসের স্কোর দাঁড়ায় ২৫ রান, হারায় পাঁচ উইকেট।

তবে এরপর প্রতিরোধ গড়েন সানিয়া খুরানা ও রবিনে রাইক। ষষ্ঠ উইকেটে তাদের ৭৮ রানের জুটিতে লড়াইয়ের আভাস পায় নেদারল্যান্ডস। শেষ বল পর্যন্ত টিকে থাকা এই জুটিতে সানিয়া ৩৭ বলে অপরাজিত ৪৩ এবং রবিনে ৪৫ বলে ৩৯ রান করেন। নির্ধারিত ওভারে নেদারল্যান্ডস ৬ উইকেটে সংগ্রহ করে ১০২ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হতে দেননি অধিনায়ক নিগার সুলতানা। দায়িত্বশীল ইনিংস খেলে তিনি ৪৪ বলে অপরাজিত ৫০ রান করেন। তার সঙ্গে সোবহানা মোস্তারি ছিলেন কার্যকর সঙ্গী। ২৩ বলে অপরাজিত ৩৩ রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি। বাংলাদেশ ১৬.৪ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

এই বাছাইপর্ব থেকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পাশাপাশি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। শেষ একটি টিকিটের জন্য আজ মুখোমুখি হবে স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র, সেই ম্যাচের ফলেই নির্ধারিত হবে শেষ দল।