নেদারল্যান্ডসের প্রধান কোচের পদ ছাড়লেন রায়ান কুক
নেদারল্যান্ডসের প্রধান কোচের পদ ছাড়লেন রায়ান কুক
নেদারল্যান্ডসের প্রধান কোচের পদ ছাড়লেন রায়ান কুক
নেদারল্যান্ডস ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রায়ান কুক। দেশটির ক্রিকেট বোর্ড (কেএনসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। কুক ও তার সঙ্গী এমার ঘরে দ্বিতীয় সন্তানের আগমনের পরই এই সিদ্ধান্ত নেন তিনি।
কুকের স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হেইনো কুহন। এর আগে তিনি নেদারল্যান্ডস দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিলেন। আসন্ন ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচগুলোতে দলের দায়িত্বে থাকবেন কুহন।
বিদায়ী বার্তায় কুক বলেন, “নেদারল্যান্ডস দলের কোচ হওয়া আমার কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা। পেশাদারিত্বের পথে দলকে এগিয়ে নেওয়া এবং শক্তিশালী মূল্যবোধসম্পন্ন একটি প্রতিযোগিতামূলক দল গড়ে তোলার যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।”
তিনি আরও বলেন, “কেএনসিবি এবং ডাচ ক্রিকেট সম্প্রদায়ের প্রতি আমি কৃতজ্ঞ। এই দায়িত্ব এখন এমন একজনের প্রাপ্য, যিনি পুরো সময় ও মনোযোগ দিতে পারবেন। আমি বিশ্বাস করি, দলের ভিত্তি শক্ত এবং ভবিষ্যৎ উজ্জ্বল।”
সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুক ২০২২ সালের মে মাসে নেদারল্যান্ডস দলের প্রধান কোচের দায়িত্ব নেন। তার অধীনে দলটি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয় এবং সেখানে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে চমক দেখায়।
এছাড়া তার কোচিংয়েই নেদারল্যান্ডস ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে, যা ছিল ২০১১ সালের পর তাদের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ। ভারত অনুষ্ঠিত সেই আসরে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় ডাচরা।
