সৌদি আরবে শুরু হচ্ছে নতুন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ ডিউনস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সৌদি আরবে শুরু হচ্ছে নতুন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ ডিউনস

সৌদি আরবে শুরু হচ্ছে নতুন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ ডিউনস

সৌদি আরবে শুরু হচ্ছে নতুন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ ডিউনস

চলতি বছরের অক্টোবরেই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। ‘ডিউনস লিগ টি-টোয়েন্টি’ নামে এই টুর্নামেন্টের অনুমোদন দিয়েছে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন (এসএসি এফ)। লিগটিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কিন্তু এখনো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সক্রিয় থাকা তারকা ক্রিকেটারদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

গত পাঁচ বছরে ক্রীড়াঙ্গনে বড় ধরনের বিনিয়োগ করে আলোচনায় এসেছে সৌদি আরব। অর্থনীতিকে তেলের ওপর নির্ভরতা থেকে বের করে আনতে ফুটবল, টেনিস ও বক্সিংয়ের মতো বিভিন্ন বড় ইভেন্ট আয়োজন করেছে দেশটি। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আলাদা করে এলআইভি গলফ ট্যুরও চালু করেছিল। যদিও সম্প্রতি তারা চলতি মৌসুম শেষে সেই প্রকল্প থেকে অর্থায়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

গত তিন বছর ধরেই গুঞ্জন ছিল, আইপিএলের প্রতিদ্বন্দ্বী হিসেবে সৌদি আরব একটি বড় টি-টোয়েন্টি লিগ চালু করতে পারে। গত বছর অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন প্রস্তাবিত গ্র্যান্ড স্ল্যাম ধাঁচের টি-টোয়েন্টি সার্কিট নিয়েও সৌদি বিনিয়োগের আলোচনা শোনা যায়।

তবে ক্রিকেটে সৌদি আরবের যাত্রা ধীরে ধীরেই এগিয়েছে। আইসিসির সঙ্গে স্পন্সরশিপ চুক্তি, ২০২৪ সালে আইপিএলের নিলাম আয়োজন এবং সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০ লিগের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছে তারা। এছাড়া ফেয়ারব্রেক নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজনের জন্য দীর্ঘমেয়াদি চুক্তিও করেছে সৌদি আরব, যদিও উপসাগরীয় অঞ্চলের সংঘাতের কারণে প্রথম আসরটি স্থগিত রয়েছে।

ছয় দল নিয়ে আয়োজিত হতে যাওয়া ডিউনস টি-টোয়েন্টি লিগের ম্যাচগুলো হবে জেদ্দার কাছের শহর তাইফে। দক্ষিণ এশিয়ান নেটওয়ার্ক এবং দুটি ট্যালেন্ট এজেন্সির সহযোগিতায় লিগটি গড়ে তোলা হয়েছে। এর মধ্যে ইউনিক স্পোর্টস গ্রুপের ক্লায়েন্টদের তালিকায় আছেন জফরা আর্চার, আর প্রোলিথিক দেখাশোনা করে ভারতের ব্যাটার অভিষেক শর্মার ব্যবস্থাপনা। প্রোলিথিকের প্রতিনিধি হিসেবে যুবরাজ সিং থাকবেন লিগটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

গত বছরের শেষ দিকে প্রাথমিকভাবে লিগ আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেছিল এসএসি এফ। তখন তারা জানিয়েছিল, এই টুর্নামেন্টের লক্ষ্য সৌদি আরবকে “বিশ্ব ক্রিকেট মানচিত্রে” তুলে ধরা এবং দেশটির স্থানীয় ক্রিকেট প্রতিভা বিকাশে সহায়তা করা।

জানা গেছে, প্রতিটি দলে সর্বোচ্চ চারজন করে এমন ক্রিকেটার রাখা যাবে, যারা গত দুই বছরে পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ফলে লিগটি আইসিসির বিশেষ অনুমোদনের বাধ্যবাধকতার বাইরে থাকবে। শীর্ষ খেলোয়াড়দের পারিশ্রমিক এক লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।