এক পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
এক পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

এক পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

এক পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে নামার আগে একাদশ নিয়ে শেষ মুহূর্তের ভাবনা-চিন্তা থাকলেও শেষ পর্যন্ত বড় কোনো পরিবর্তনের পথে হাঁটেনি অস্ট্রেলিয়া। ম্যাকাই টেস্টে ডারউইনের একাদশই ধরে রেখেছে প্যাট কামিন্সের দল, কেবল জ্যাক ওয়েদারল্ডের জায়গায় ম্যাট রেনশকে যুক্ত করা হয়েছে।

আগামীকাল শনিবার ভোরে গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট হেরে পিছিয়ে থাকা স্বাগতিকদের সামনে এবার সমতা ফেরানোর একমাত্র পথ জয়।

মধ্য কুইন্সল্যান্ডের তুলনামূলক মৃদু শীতল আবহাওয়ায় স্পিনার নাথান লায়নকে বাইরে রেখে চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনাও বিবেচনায় ছিল অজি নির্বাচকদের। সেই ভাবনা বাস্তবে রূপ নেয়নি। অধিনায়ক প্যাট কামিন্সও আগেই জানিয়েছিলেন, বোলিং আক্রমণের ভারসাম্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় নিতে চান তারা।

শেষ পর্যন্ত লায়নকে একাদশে রেখেই ম্যাকাই টেস্টের দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে স্কোয়াডে ডাক পাওয়া ম্যাট রেনশ জায়গা করে নিয়েছেন মূল একাদশে।

এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল অস্ট্রেলিয়ার জন্য যথেষ্ট হবে না। টেস্টটি ড্র হলে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো সিরিজ হারের স্বাদ পাবে অস্ট্রেলিয়া। তাই সিরিজ সমতায় ফেরাতে ম্যাকাইয়ের ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামার লক্ষ্যই স্বাগতিকদের।

অস্ট্রেলিয়ার একাদশ: 

ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।